খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে পানছড়ি যাওয়ার পথে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের সন্ত্রাসী হামলার শিকার হন।
হরতালের কারণে সকাল থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে কোনো যানবাহন চলছে না। পানছড়ি উপজেলা সদরে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে সকালে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল করে বাঙ্গালী ছাত্র পরিষদ।
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের বলেন, চাঁদার দাবিতে ইউপিডিএফ কর্মীরা বড়ইতলী এলাকায় তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা বলেন, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পানছড়িতে আওয়ামী লীগ এবং রাতে খাগড়াছড়ি জেলা শহরে বাঙ্গালী ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করে। জেলা শহরের মিছিল থেকে পাহাড়িদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ইট-পাটকেল ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনিস্-উল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১২০২ ঘ.
bdnews24