ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ৫১টি রেলক্রসিংয়ের ৪৩টিতেই গেইট বা গেইটম্যান না থাকায় হরহামশে দুর্ঘটনা ঘটছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইসুর রহমান জানান, এসব ক্রসিংয়ে গত বছর অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের অগাস্ট পর্যন্ত সময়ে নিহত হয়েছে আরো ৩০ জন।
রেল কর্মকর্তারা জানান, পাবনার ঈশ্বরদী থেকে আসা রেলপথটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এসে দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি লাইন সিরাজগঞ্জ বাজার স্টেশন এবং অপরটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় স্টেশন হয়ে ঢাকার দিকে গেছে।
এই ৯৬ কিলোমিটার রেলপথে রেলওয়ে বিভাগের অনুমোদিত ৪৫টি এবং অনুমোদনহীন ৬টি মিলিয়ে মোট ৫১টি রেলক্রসিং আছে। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেবল আটটিতে।
মহাসড়কের পাশে ঝাঐল ওভারব্রিজ সংলগ্ন রেলক্রসিং-এ কেবল একটি সতর্কীকরণ সাইন বোর্ড লাগিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ।
স্থানীয় দোকানদার আনোয়ার হোসেন (৬০) জানান, ক্রসিংয়ে গেট ও গেইটম্যান না থাকায় প্রায়ই ব্যস্ত এ সড়কে দুর্ঘটনা ঘটে।
ঝাঐল ওভারব্রিজ থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত ৮ কিলোমিটার রেলপথেই ৩টি স্টেশন ও ডজনখানেক রেলক্রসিং রয়েছে। এর মধ্যে ৩টিতে সতর্কীকরণ সাইনবোর্ড নজরে পড়লেও বাকিগুলোতে তাও নেই।
রেলওয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (পথ) আব্দুল মান্নান বলেন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগ রেলপথের ওপর দিয়ে যত্রতত্র রাস্তা নির্মাণ করায় ক্রসিংয়ে নিরাপত্তা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে দুর্ঘটনাও এড়ানো যাচ্ছে না।
“এতো কম জনবল নিয়ে রেলওয়ের পক্ষে রেলক্রসিংগুলোয় গেইট বসানো বা গেইটম্যান নিয়োগ করা সম্ভব না।”
রেলক্রসিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রেলওয়ের পাশাপাশি সওজ এবং স্থানীয় সরকার বিভাগকেও উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১০৩৫ ঘ.
bdnews24