গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মীদের আন্দোলনের মুখে কারখানা বন্ধ করে দেয়া ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুর সদর উপজেলার একটি গার্মেন্টের শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের ওসি সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ভিয়েলা নিট ফ্যাশন লিমিটেডের কর্মীরা বুধবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে সোয়া ৮টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে সোয়া ৯টার দিকে আবার যান চলাচল শুরু হয়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোজায়েত হোসেন জানান, এক কর্মীকে ছাঁটাই ও ‘মারধরের’ প্রতিবাদে ওই কারখানায় শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ এক দিনের ছুটি ঘোষণা করে। এরপর রাতে গার্মেন্টটি মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিস দেখে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের অবরোধে সোয়া ৮টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের সরে যেত বললে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়াও ঘটে।
পরে সোয়া ৯টার দিকে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল আবার শুরু হয় বলে জানান শিল্প পুলিশের ওসি সেলিম রেজা।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান জানান, কারখানার শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে মঙ্গলবার গাজী নামের এক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।
ছাঁটাই করা ওই শ্রমিককে মারধর করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিয়মানুযায়ী তার পাওনাদি পরিশোধও করা হয়েছে। বিষয়টিকে ইস্যু করে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে কতিপয় বহিরাগত শ্রমিকদের উস্কে দিয়েছে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কারখানাটি ছুটি ঘোষণা করা হলেও শনিবার যথারীতি কারখানা চালু হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৩৪ ঘ.
bdnews24