২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ রায়: অর্ধেক হল আপিলের সময়

রায়ের পর আপিলের সময় অর্ধেকে নামিয়ে আনতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়ের পর আপিলের সময় অর্ধেকে নামিয়ে আনতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে বিল পাস হয়েছে। মঙ্গলবার বিলটি পাসের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপরে দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (দ্বিতীয় সংশোধনী) বিল-২০১২’ পাসের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন হল। এই বিল পাসের বিরোধিতা করে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, “আপনি ৪০ বছর অপেক্ষা করতে পারলেন। আর এখন ৬০ দিন অপেক্ষা করতে পারেন না।” এই আইন কার্যকর হলে রায় ঘোষণার দিনই রায়ের সার্টিফায়েড কপি উভয় পক্ষকে দেয়ার বিধান রাখা হয়েছে। ওই কপি পাওয়ার ৩০দিনের মধ্যে আপিল করতে হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিলটি আইনে পরিণত হলে যুদ্ধাপরাধসহ মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান রেখে গত ১৩ জুন ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ সংসদে পাস হয়। যুদ্ধাপরাধসহ মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালের ২৫ শে মার্চ প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২২৮ ঘ.