২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের দণ্ড

চট্টগ্রামে এক শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক জনকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক জনকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম এ মামলার অন্য তিন আসামিকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। দণ্ডিতরা হলেন- মাসুদ রানা, মোশাররফ হোসেন, আবু বক্কর সিদ্দিক ও ওমর ফারুক। এরা সবাই নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বলিপাড়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে মাসুদ রানাকে ৬০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অন্য তিন জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় চার জনই আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ নভেম্বর এই চার জন নগরীর আগ্রাবাদ বলিপাড়া থেকে দুই বোনকে অপহরণ করে। পরে ১২ বছর বয়সী বড় বোনকে ছেড়ে দিলেও ১০ বছর বয়সী ছোট বোনকে অজ্ঞাত স্থানে নিয়ে মাসুদ রানা ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে ডবলমুরিং থানায় ওই চার জনকে আসামি করে একটি মামলা করেন। নাসের চৌধুরী জানান, এ মামলায় ২০০৯ সালের ১৫ জুন ওই চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, ধর্ষিতা ও চিকিৎসকসহ মোট আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে এদিন বিচারক এ রায় ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২১৫৮ ঘ.