ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের মাধ্যমে পরিবেশিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদ সেবা নিয়ে সংসদে যে প্রশ্ন তুলেছিলেন, দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নিয়েছেন সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদের প্যাডে সংসদ সচিবলায়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি বলেন, “উক্ত প্রশ্নটি প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।”
জাফরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্নভাবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা না পাওয়ায় প্রশ্নটি প্রত্যাহারের আবেদন করি। ভুলবশত সেটি সংসদে প্রশ্নোত্তরে অন্তর্ভুক্ত হয়ে গেছে।”
বিএনপিদলীয় এই সংসদ সদস্যের প্রশ্ন ছিল, ‘অনর্থক’ এসএমএসের মাধ্যমে সংবাদ পাঠিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মোবাইল গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে কি না?
জাফরুল ইসলাম চৌধুরীর এই প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী সোমবার সংসদকে জানান, এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকেও সোমবার বলা হয়, কোনো গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে কোনো সংবাদ পাঠানোর সুযোগ নেই।
সংসদে এ প্রশ্ন উত্থাপিত হওয়ায় দুঃখ প্রকাশ করে জাফরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্নটি প্রত্যাহারের জন্যও আবেদন করেছিলাম। কিন্তু যথাসময়ে প্রত্যাহরের আবেদনটি না পৌঁছায় তা ভুলবশত রয়ে গেছে।”
প্রশ্ন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে সংসদ সচিবালয়ে পাঠানো চিঠিতেও জাফরুল বলেছেন, এর আগেই তিনি কার্য-প্রণালী বিধির ৫০ বিধি অনুযায়ী প্রত্যাহারের আবেদন করেছিলেন। কিন্তু তার ব্যক্তিগত সহকারী ‘যথাসময়ে’ তা না পৌঁছানোয় সেটি সোমবার সংসদে উত্থাপিত হয়ে যায়।
জাফরুল তার চিঠিতে বলেছেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত সহকারীকে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর না দিতে পারায় তার ভুলের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং প্রশ্নটি প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে পুণরায় আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।”
যথাযথভাবে দায়িত্ব পালনে অবহেলার কারণে ব্যক্তিগত কর্মকর্তাকে বাদ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ সাংসদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “এই মুহূর্তে শুধু গ্রামীণফোনের মাধ্যমে আমরা মোবাইল ফোন গ্রাহকদের কাছে সংবাদ সেবা দিয়ে থাকি। গ্রাহক স্বেচ্ছায় এ সেবা গ্রহণ করতে পারেন। সেজন্য গ্রামীণফোনের নির্দিষ্ট একটি নম্বরে গ্রাহককেই এসএমএস পাঠাতে হয়। এখানে তাই গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে খবর পাঠানোর কোনো সুযোগ নেই।”
নিবন্ধন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে তিনি জানান, একজন গ্রাহক নিউজ এলার্ট (যেটি ব্রেকিং নিউজ হিসেবে পরিচিত) পেতে চাইলে তাকে start b লিখে গ্রামীণফোনের ২২০০০ নম্বরে এসএমএস পাঠিয়ে নিবন্ধিত হতে হয়। একইভাবে গ্রাহক ইচ্ছে করলেই stop b লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে অনিবন্ধিত হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫৫০ ঘ.
bdnews24