২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যু: হার্ট ফাউন্ডেশনের চিকিৎসককে তলব

হৃদযন্ত্রে অস্ত্রপচারের পর রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা এক মামলায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রধান কার্ডিয়াক সার্জনসহ চারজনকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদযন্ত্রে অস্ত্রপচারের পর রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা এক মামলায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রধান কার্ডিয়াক সার্জনসহ চারজনকে তলব করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার এই আদেশ দেন। ওই হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জনসহ তিন চিকিৎসক এবং এক চিকিৎসক সহকারীকে আগামী ১৮ অক্টোবর আদালতে হাজির হতে হবে। এই চারজন হলেন- হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডা. অধ্যাপক ফারুক আহমেদ, ওই বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ও পরামর্শক ডা. হারুন রশীদ এবং প্রধান কার্ডিয়াক সার্জনের সহকারী জলি। গত বছরের ২২ অক্টোবর অস্ত্রোপচারের পর এ বছর ১৮ অগাস্ট মারা যান পুরান ঢাকার ফরাসগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী মো. হাবিবুর রহমান। তার বাড়ি চাঁদপুরে। তার মেয়ে ফাহিমা আক্তার মঙ্গলবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষা শেষে গত বছরের ১৪ সেপ্টেম্বর হাবিবুরকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিচার্স ইনিস্টিটিউটে ভর্তি করায় ‘আসামিরা’। তিন দিন পর তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে বলে জানান ওই চিকিৎসকরা। অভিযোগে বলা হয়, টাকা জমা দেয়ার ৩৭ দিন পর গত বছরের ২২ অক্টোবর হাবিবুরের প্রথম অস্ত্রোপচার করা হয়। কিন্তু অপারেশনের পর সেলাইয়ের জায়গায় পচন ধরে। বাদী অভিযোগ করেছেন, অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা রোগীর একটি রক্তনালী কেটে ফেলেছিলেন, যা তাদের বলতে শুনেছেন ফাহিমা। গত ১৪ অগাস্ট শেষ বারের মত হাবিবুরকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর ১৮ অগাস্ট তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬৩০ ঘ.