ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আগামী রোববার জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পক্ষে সাবেক ডিএমপি কমিশনার মিজানুর রহমানকে জেরা করবেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
সোমবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে মিজানুর রহমানের জেরা শেষ করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এদিন পুুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিশেষ এজলাসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নুর উদ্দিন এই জেরা গ্রহণ করে আগামী রোববার পরবর্তী জেরার দিন রাখেন।
রাষ্ট্রপক্ষের অন্যতম বিশেষ আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাবরের পক্ষে জেরা অব্যাহত থাকে।
এ সময় পলাতক আসামি হানিফ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হানিফের পক্ষে জেরা করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী চৈতন্য হাওলাদার। আর পলাতক আসামি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে জেরা করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আশরাফ উল আলম।
গত ৯ সেপ্টেম্বর আসামি বাবরের পক্ষে সাবেক ডিএমপি কমিশনারকে জেরা শুরু করেন তার আইনজীবীরা। ওইদিন জেরার পর গত ১৬ সেপ্টেম্বরও তার পক্ষে জেরা অব্যাহত থাকে।
এই আসামির পক্ষে প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জেরা করেন। তারপর আইনজীবী মাহবুবুর রহমান জেরা শুরু করেন।
এ সময় সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
অন্যদিকে জামিনে থাকা আসামি সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২০০ ঘ.
bdnews24