২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার অব অ্যাটর্নি বিল সংসদে পাস

ছবি ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২ সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবি ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২ সংসদে পাস হয়েছে। আশা করা হচ্ছে, এই আইন প্রণয়নের ফলে জালিয়াতি বা প্রতারণামূলক কর্মকান্ড অনেকাংশে কমে আসবে। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উপস্থাপন করেন। বিলটি কন্ঠভোটে পাস হয়। এই আইন কার্যকর হলে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট ১৮৮২ বাতিল হয়ে যাবে। পাসের জন্য উত্থাপনের পর বিলের ওপরে দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, ভূমি ও ফ্ল্যাটের দাম বাড়ায় আমমোক্তারনামা দলিলের ক্ষেত্রে নানা জালিয়াতির ঘটনা ঘটছে। প্রায় ১৩০ বছর আগে প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি আইনটি বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে যথার্থ নয়। এ আইন নিত্যনতুন জালিয়াতি ঠেকাতে সক্ষম নয়। তাই সময়ের চাহিদা পূরণে প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা জরুরি। প্রস্তাবিত আইনের ৬ ধারায় বলা হয়েছে, পাওয়ার অব অ্যাটর্নি দলিলে (আমমোক্তারনামা) অবশ্যই দাতা ও গ্রহীতার দায়িত্ব, ক্ষমতা ও কাজের সুস্পষ্ট বিবরণ থাকতে হবে। দলিলে দাতা ও গ্রহীতার একটি করে ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। বিদেশে আমমোক্তারনামা দলিল তৈরি হলে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সত্যায়িত করতে হবে। গত ৬ ফেব্রুয়ারি এই বিলটি আইনমন্ত্রী শফিক আহমেদের পক্ষে জাতীয় সংসদে উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৪৯ ঘ.