বাগেরহাট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে অপহৃত ১৩ জেলেকে উদ্ধারের খবর পাওয়া গেছে।
র্যাব ও কোস্টগার্ড দাবি করেছে, সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকার খাড়ির ও ডাবের খাল এলাকায় জেলেদের উদ্ধারের সময় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে উদ্ধার করা কোনো জেলের নাম জানায়নি বাহিনী দুটি।
গত বৃহষ্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে মুক্তিপণের দাবিতে জলদস্যু সাইজ্যা ওরফে মাহবুব বাহিনীর সদস্যরা অন্তত পঁচিশ জেলেকে অপহরণ করে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে র্যাব-৬ ও কোস্টগার্ড কটকার খাড়ি ও ডাবের খাল এলাকায় পৌঁছলে জলদস্যুরা গুলি চালায়। তারাও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে ১৩ জেলেকে উদ্ধার করা হয়। জেলেদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনার পাথরঘাটা উপজেলায়।
এ সময় জলদস্যুদের ব্যবহৃত দুটি ট্রলার, একটি গিয়ারবক্স, একটি প্রপেলার, চারটি এক্সস্ট পাইপ, চারটি কুড়াল, দুটি দা, পাঁচ লিটার লুবওয়েল ও ক্যাবলসহ একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
জেলেদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৫ ঘ.
bdnews24