সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রামে এ হামলায় নিহত আছিয়া বেগম (৪৫) গ্রামের আসক আলীর স্ত্রী।
এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
জামালগঞ্জ থানার ওসি জানে আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, গ্রামের মো. আব্দুল হক ও ধন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে আব্দুল হকের লোকজন দেশীয় অস্ত্র¿ নিয়ে ধন মিয়ার বাড়িতে হামলা করে। এসময় ধন মিয়ার ভাই আসক আলীর স্ত্রী আছিয়া বেগমসহ (৪৫) বেশ কয়েকজন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আছিয়ার মৃত্যু হয়।
জানে আলম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল হক ও তাজুল ইসলাম নামের দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24