২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ বাড়ল

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ সংক্রান্ত আইনটির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার, যার আওতায় দ্রুতভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলো স্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ সংক্রান্ত আইনটির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার, যার আওতায় দ্রুতভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্রগুলো স্থাপিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০১০ সালে জারি করা ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ) (সংশোধন) আইন- ২০১২’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালের ১২ অক্টোবর বিশেষ এ আইনটি প্রণয়ন করা হয়। দুই বছরের জন্য প্রণীত এ আইনের মেয়াদ আগামী ১২ অক্টোবর শেষ হবে। “কিন্তু দেশে এখনো বিদ্যুৎ এবং জ্বালানির চাহিদা কমেনি। তাই সরবরাহ নিশ্চিত এবং দ্রুত করতে সরকার আইনটির মেয়াদ আরো এক বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছে,” বলেন তিনি। দেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনে বিদেশ থেকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং জ্বালানি সম্পর্কিত খনিজসম্পদ দ্রুত আহরণ ও ব্যবহারের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত এ আইনটি প্রণয়ন করা হয়। এই আইনের পর বিদ্যুৎ সঙ্কটের আশু সমাধানে দ্রুতভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলেও তার সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে, এর ফলে জ্বালানি আমদানিতে ভর্তুকি দেশের অর্থনীতিতে চাপ ফেলছে। ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’ নামের ওই আইনে মোট ১৪টি ধারা রয়েছে। তবে সংশোধন হচ্ছে শুধু দুই বছর মেয়াদ সংশ্লিষ্ট ধারাটি। এতে দুই বছরের পরিবর্তে আরো এক বছর যোগ করা হয়েছে। আইনটিতে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেয়া ও প্রক্রিয়াকরণ কমিটির মাধ্যমে পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বা ক্রয় সংক্রান্ত বিষয়ক ধারা রয়েছে। এতে স্বল্পসময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়েবসাইটে প্রচার, ই-মেইলে যোগাযোগ করে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে কেনা ও সেবা মূল্য নিরূপণের বিধানও রাখা হয়েছে। ওই আইনের আওতায় দেশে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজকর্মে বিদ্যুৎ ঘাটতিজনিত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন, চলমান প্ল্যান্টসমূহের মেরামত এবং নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৫ ঘ.