২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে জিম্মি দেশে মুক্তিপণ আদায়, আটক ২

বিদেশে বাংলাদেশিকে আটকে রেখে দেশে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে বাংলাদেশিকে আটকে রেখে দেশে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে দিনাজপুর শহরের এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) কাউন্টার থেকে ফিজুল ইসলাম ও তার ভগ্নিপতি ইস্কান্দার আলীকে আটক করা হয়। এরপর তাদের দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ওসি আসলাম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‌্যাবের বরাত দিয়ে জানান, তুরস্ক প্রবাসী দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের প্রয়াত আফজাল হোসেনের ছেলে জাফর আলী ওই দেশে দুলাল নামের এক বাংলাদেশিকে আটকে মুক্তিপণ দাবি করেছে স্বজনদের কাছে। দুলাল হবিগঞ্জের রেসি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ওসি বলেন, “এর আগে দেড় লাখ টাকা নেয়ার পর সোমবার আরো চার লাখ টাকা উত্তোলন করতে এসএ পরিবহন কাউন্টারে আসে জাফর আলীর ভাই ফিজুল ও ভগ্নিপতি ইস্কান্দার।” আগে থেকেই অবস্থান নেয়া র‌্যাবের গোয়েন্দা সদস্যরা কুরিয়ার সার্ভিস কাউন্টার থেকে তাদের আটক করে। এ ব্যাপারে আগেই হবিগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছিল। র‌্যাব-৫ এর কর্মকর্তা নুর-এ-ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশে বাংলাদেশি সহকর্মীদের কৌশলে জিম্মি করে এই অপরাধ চালিয়ে আসছে। জিম্মি থাকা দুলালের চাচা নুরুল হক বলেন, গত ২ রমজান থেকে তুরস্কে দুলালকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে আসছে এই চক্রটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.