২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ছুরিকাঘাতে যুবক নিহত

ভারত থেকে গরু আনার পথে বেনাপোলে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বেনাপোল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে গরু আনার পথে বেনাপোলে নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। সোমবার সকালে বেনাপোলের মহিশাডাঙ্গায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত সাইফুল ইসলাম (২৫) যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে। এ বিষয়ে বেনাপোল বন্দর থানা পুলিশের পরিদর্শক হাসান হাফিজুর রহমান বলেন, “শার্শার আজারুল ইসলামের (২৬) ছুরিকাঘাতে সাইফুল নিহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” বাগআঁচড়ার বেসরকারী হাসপাতাল জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ভোরে আহত অবস্থায় আসাদুল ও সাইফুলকে তাদের হাসপাতালে নেয়া হয়। “অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই। হাসপাতালে যাওয়ার পথে সাইফুল মারা যায়।” যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসাদুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি। আসাদুল শার্শার বারোপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৩২০ ঘ.