২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে অভিমত‘ভোটের সময় আগের মন্ত্রিসভাই চলতে পারে’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই দিক নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাতে বলা হয়েছে, নির্বাচনের সময় আগের মন্ত্রিসভাই ‘সংক্ষিপ্ত আকারে’ রাষ্ট্রের দৈনন্দিন কাজগুলো চালিয়ে নিতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেয়া ‘বাঞ্ছনীয় হবে’ উল্লেখ করে এ বিষয়ে ১৬টি দফায় লেখা সারমর্মে তিনি বলেছেন, ওই সময় রাষ্ট্রের সব কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের এই পূর্ণাঙ্গ রায়ে রোববার সই করেন রায় প্রদানকারী বিচারপতিদের মধ্যে ছয়জন। এর আগে বৃহস্পতিবার ৩৪২ পৃষ্ঠার এই রায়ে স্বাক্ষর করেন খায়রুল হক। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ। সে সময় খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। আপিল বিভাগের সাত বিচারপতির ওই রায়কে ভিত্তি ধরেই সংবিধান সংশোধন করে মহাজোট সরকার, যাতে বিলুপ্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই সময় সংক্ষিপ্ত রায়ে সর্বোচ্চ আদালত বলে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। তবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন হতে পারে বলে রায়ে মত দেয়া হয়। রায়ে স্বাক্ষরের আগে রোববার রাতে বৈঠক করেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, রায় ঘোষণাকালের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। বাংলা ও ইংরেজিতে মিলিয়ে এ রায় লেখা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রায় বাংলা ও ইংরেজিতে মিলিয়ে লেখা হলো। বিচারপতি এবিএম খায়রুল হকের লেখা রায়ের ৩৪২ পৃষ্ঠার মূল অংশটি তিনি বাংলায় লিখেছেন। তার সঙ্গে একমত হয়েছেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এতে বিচারপতি খায়রুল হক অনেকগুলো পর্যবেক্ষণ তুলে ধরেছেন। রায়ে ১৬টি পয়েন্টে এর সারমর্মও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, “সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, ইহা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ও পদ সৃষ্টি করিয়াছে এবং প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করিয়াছে। জনগণের সার্বভৌমত্ব, প্রজাতন্ত্র, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রের মূল ভিত্তি এবং সংবিধানের মৌল ভিত্তি। গণতন্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধরনের ছেদ বাংলাদেশের সংবিধান অনুমোদন করে না। সুপ্রিম কোর্ট ইহার ক্ষমতাবলে যে কোনো অসাংবিধানিক আইনকে অবৈধ ঘোষণা করিতে পারে বা বাতিল করিতে পারে।” তিনি বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আওতায় জাতীয় সংসদ সংবিধানের যে কোনো সংশোধন করার ক্ষমতা রাখে। কিন্তু রাষ্ট্রের মূল ভিত্তি ও সংবিধানের মৌল ভিত্তি ক্ষুণœ বা খর্ব বা সংশোধন করতে পারে না। সংবিধান আইন ১৯৯৬ (ত্রয়োদশ সংশোধনী) রাষ্ট্রের ভিত্তি এবং সংবিধানের মৌল ভিত্তিকে খর্ব করেছে বিধায় ওই বিতর্কিত আইন অসাংবিধানিক ও অবৈধ, সুতরাং বাতিল হবে। ত্রয়োদশ সংশোধনী বাতিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জটিলতা এড়াতে একটি নির্দেশনাও দিয়েছেন বিচারপতি খায়রুল হক। এতে বলা হয়, “সাধারণ নির্বাচন অনুষ্ঠানে জাতীয় সংসদের বিবেচনা অনুসারে, যুক্তিসঙ্গত কাল আগে যথা ৪২ দিন আগে সংসদ ভেঙে দেয়া বাঞ্ছনীয় হবে। তবে নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ববর্তী মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকার গ্রহণ করতঃ ওই সময়ের জন্য রাষ্ট্রের স¦াভাবিক ও সাধারণ কার্যক্রম পরিচালনা করবেন।” “সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬, অসাংবিধানিকও অবৈধ হইলেও জাতীয় সংসদ এর বিবেচনা ও সিদ্ধান্ত অনুসারে উপরে বর্ণিত নির্দেশাবলী সাপেক্ষে দশম ও একাদশ সাধারণ নির্বাচনকালীন সময়ে প্রয়োজনমত নতুনভাবে ও আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে” বলেও রায়ে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, “সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফল ঘোষণার তারিখ পর্যন্ত নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং নির্বাচন কমিশনের বিবেচনা অনুসারে এমনকি পরোক্ষভাবে জড়িত, রাষ্ট্রের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।” এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। তার সঙ্গে একমত পোষণ করেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। তবে বিচারপতি মো. ইমান আলী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বা বিপক্ষে মত না দিয়ে বিষয়টি জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি একশ ৫০ পৃষ্ঠার অভিমত লিখেছেন। আপিল বিভাগের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উদ্যোগ নেয়া হয়, যা গত বছর পাস হয়। সংবিধানের এই সংশোধনের বিরোধিতা করে আসছে বিএনপি। তারা বলছে, সরকার রায়ের একটি অংশ ধরে সংবিধান সংশোধন করলেও অন্য অংশটি উপেক্ষা করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের ফলে আগামী নির্বাচন নির্বাচিত অর্থাৎ বর্তমান সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে বিএনপিসহ বিরোধী দল তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সাংবিধানিক স্বীকৃতি ১৯৯৬ সালে এলেও ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর অর্র্ন্তবতীকালীন একটি সরকারের অধীনে হয় সাধারণ নির্বাচন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে অনীহা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংবিধান সংশোধন করে বিএনপি। ২০০৬ সালে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকার পর এ পদ্ধতির দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজনের রিট আবেদনে ২০০৪ সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিট আবেদনকারী পক্ষ। তাদের আবেদনের উপর শুনানি শেষ করেই আলোচিত এই রায়টি দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৩১২ ঘ.