ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে সন্ত্রাসী হামলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।
নিহত জিহাদুল ইসলাম জিয়া (৪২) সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি উপজেলার দেয়াড়া গ্রামের হানিফ সর্দারের ছেলে।
আহত মো. আলী (৪৩) একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, রোববার রাতে দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া বাজারে এ সন্ত্রাসী হামলা হয়। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ মো. আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে জিয়া ও তিনি দত্তপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী সেখানে হামলা চালায়।
“প্রথমে কয়েকটি বোমা বিস্ফোরণের পর তারা জিয়াকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।”
এ সময় মো. আলীকে কুপিয়ে জখমের পর তার বুকে গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান মো. আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১০৫ ঘ.
bdnews24