নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে ছাত্র শিবির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।
সরকারি কাজে বাধাদান, পুলিশের উপর হামলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে করা এ মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো এক থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়।
শনিবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে শিবির সমর্থকদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ হয়। এতে থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের বলেন, শনিবারের সংঘর্ষের ঘটনায় আটক কবির হোসেকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া জেলা শিবির সভাপতি গোলাম সারোয়ার সাইদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর শিবিরের সাধারণ সম্পাদক নাসিরর উদ্দিন, তল্লা এলাকার বাবু, সেলিম, আলম ও জুলহাসের নাম উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24