বরিশাল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আবাসিক হল পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে অস্থায়ী ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি (ভিপি) আবু তালিব মোহাম্মদ আবদুল্লাহ মারুফের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক (জিএস) আনিচুর রহমান।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান।
আহত আনিচুর, সহ সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আনিচুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজের একাডেমিক কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী এই ‘অস্থায়ী ছাত্র কল্যাণ পরিষদ’ গঠন করা হয়েছে। আর আবাসিক হলে একজন শিক্ষককে সুপার করে ১০ ছাত্রকে নিয়ে একটি ‘পরিচালনা কমিটি’ করার নির্দেশ দিয়েছে একাডেমিক কাউন্সিল।
ছাত্র কল্যাণ পরিষদের ভিপি মারুফ রোববার রাতে গোপনে কলেজের দ্বিতীয় হলের কমিটি গঠন করেছে এমন খবর পেয়ে জিএস, এজিএস ও সাংস্কৃতিক সম্পাদক তার কাছে এর কারণ জানতে চান। এ সময় বাক বিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতির রূপ নেয়।
আনিচ বলেন, “এক পর্যায়ে মারুফ দা দিয়ে আমাকে কোপ দেয়। আঘাত ফেরাতে গিয়ে আমার হাতে জখম হয়। ঠেকাতে গিয়ে রাশেদের মাথায় আর রবীন্দ্রের গায়েও আঘাত লাগে।”
ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ অস্বীকার করে মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শুধু হাতাহাতি’ হয়েছে।
পুলিশের নগর বিশেষ শাখার কনস্টেবল মো. জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “হলের কমিটি গঠন নিয়ে ভিপি মারুফের সঙ্গে জিএস আনিচের কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারুফ দা দিয়ে আনিচকে কোপ দেয়।”
কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত। কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৪০ ঘ.
bdnews24