২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

ঢাকার অদূরে সাভারে প্রাইম ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে শনিবার ভোররাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার অদূরে সাভারে প্রাইম ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে শনিবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সাভার পৌর এলাকার ২৭/বি আড়াপাড়া মহল্লার ‘অবকাশ’ নামের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। বাড়ির মালিক প্রাইম ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ইয়াছিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে ১২/১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল লোহার রেলিং বেয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করে। ডাকাতরা তার মেয়ে সাউথইষ্ট ব্যাংক কর্মকর্তা তাহমিনা ইয়াছিনের রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর ডাকাদলের একাংশ বাড়ির তৃতীয় তলায় ইয়াছিন আলীর ছেলের কক্ষে ঢুকে তাকেও জিম্মি করে সাড়ে তিন লাখ টাকার প্রাইজবন্ড নিয়ে যায়। ডাকাতদলের আরেকটি অংশ চতুর্থ তলায় ইয়াছিন আলীর কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাকেও জিম্মি করে। তিনি বলেন, ভোররাত ৩টা থেকে ৫টা পর্যন্ত এই ডাকাতি চলে। ডাকাতরা অর্থ ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ইয়াছিন আলী অভিযোগ করেন, এ ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলেও পুলিশ মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে মামলা করতে তাদেরকে নিষেধ করে। কিন্তু আশ্বাসের পরও পুলিশ তার দায়িত্ব পালন করেনি। এ অভিযোগের বিষয়ে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তারা মামলা করবে না। এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কী দরকার ?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০১ ঘ.