২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র সরকারের: সন্তু

সরকার আদিবাসীদের জাতিগত অস্তিত্ব চিরতরে বিলুপ্তির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আদিবাসীদের জাতিগত অস্তিত্ব চিরতরে বিলুপ্তির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শনিবার বিকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৭৩তম জন্মদিনে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমা বলেন, অপারেশন উত্তোরণের নামে পার্বত্য চট্টগ্রামে এখনো সেনা শাসন চলছে। “পার্বত্য চুক্তি বাস্তবায়ন তো দূরের কথা, বরং পার্বত্য চুক্তি এবং এই এলাকার আদিবাসীদের জাতিগত অস্তিত্ব চিরতরে বিলুপ্তির ষড়যন্ত্র করছে সরকার,” অভিযোগ সন্তুর। বহিরাগতরা এ অঞ্চলে প্রতিনিয়ত ভুমি বেদখল করছে বলেও তিনি অভিযোগ করেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এমএন লারমা মেমোরিয়্যাল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান। ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক মুজিবুল হক বুলবুল, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি জড়িতা চাকমা প্রমুখ। চুক্তি ও সিদ্ধান্ত মোতাবেক ভূমি কমিশন আইন সংশোধনের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি না করলে পার্বত্যাঞ্চল আবারো অশান্ত হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমএন লারমা ১৯৩৯ সালে ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপ্র“ম এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর জনসংহতি সমিতির বিভেদপন্থী গ্র“পের হামলায় খাগড়াছড়ির পানছড়ির গহীন অরণ্যে আট সহযোদ্ধাসহ এমএন লারমা নিহত হন। পিতা চিত্ত কিশোর লারমা, মাতা শুভাষিনী দেওয়ান। এমএন লারমার তিন ভাই ও এক বোন। সন্তু লারমা তার ছোট ভাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.