সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় শনিবার ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশার দুই আরোহী নিহত এবং তিন জন আহত হয়েছেন।
সকাল ১০টায় কামালবাজারে এ দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেট সদরের টুকেরবাজার দিঘীরপাড়ের আবদুস সাত্তারের স্ত্রী লায়লা বেগম (৩০) এবং শহরতলীর জালালাবাদ থানার গোপাল গ্রামের হাফিজুর রহমানের ছেলে আটোরিকশা চালক আকবর আলী (২০)।
আহত হয়েছেন মারা যাওয়া লায়লা বেগমের স্বামী আবদুস সাত্তার (৪৫), মেয়ে আকলিমা (৭) ও ছেলে খালেদ (৫)।
তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামালবাজার এলাকায় রেল ক্রসিংয়ে গেইট না থাকায় ট্রেন আসার সময়ই রেল লাইনে উঠে পড়ে অটোরিকশাটি।
সকাল ১০টায় ছাতক থেকে সিলেটগামী লোকাল ট্রেনটি এসে রেল লাইনে থাকা আটোরিকশাটিকে ধাক্কা দিলে তা পাশের জমিতে ছিটকে পড়ে। হাসপাতালে নেয়ার পর বিকালে দুই যাত্রীর মৃত্যু হয়।
অটোরিকশায় করে এক পরিবারের চার সদস্য ও চালকসহ পাঁচজন ছিলেন। তারা সিলেট থেকে বিশ্বনাথে যাচ্ছিলেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24