২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সঙ্কটে বিমান

হজযাত্রী পরিবহনের জন্য বেশ কয়েকটি ফ্লাইট বাদ দেয়ার পর এখন বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যাও একটি কমেছে। আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্তুগালের বিমান সংস্থা এয়ার আটলান্টা থেকে ভাড়ায় আনা বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ‘চুক্তি ভেঙে’ চলে যাওয়ায় হজযাত্রী পরিবহন নিয়ে হিমমিস খাওয়া বিমান নতুন সঙ্কটে পড়তে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছর পর্তুগালের এয়ার আটলান্টার কাছ থেকে পাঁচ শতাধিক আসনের একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়ায় আনে বিমান। কিন্তু গত ১২ সেপ্টেম্বর ওমানের মাসকট বিমানবন্দর থেকে ওই উড়োজাহাজটি ২২৫ জন যাত্রী ফেলে নিজ দেশে উড়াল দেয়। এ ঘটনায় বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সঙ্কট তৈরি হবে বলে মনে করছেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব কিছু সামলে উঠতে না পারলে বিমানের সঙ্কট চরমে পৌঁছাবে।” বিমান কর্মকর্তারা বলছেন, এয়ার আটলান্টার চুক্তি অনুযায়ী ওই বোয়িংটি আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত থাকার কথা। বোয়িং-৭৪৭ উড়োজাহাজটি দিয়ে কুয়ালালামপুর, জেদ্দা, রিয়াদ, মাসকটসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট পরিচালনা হত। আকস্মিকভাবে তাদের এই চলে যাওয়া খতিয়ে দেখতে বিমানকে এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন কাজী ওয়াহেদ। তিনি বলেন, “যাত্রী বসিয়ে রেখে তারা (বোয়িং ৭৪৭) মাসকাট বিমানবন্দরের ছাড়পত্র (ক্লিয়ারেন্স) পেল কীভাবে? এটা খুবই অবাক করা ঘটনা। নিয়ন্ত্রণ কক্ষের ছাড়পত্র ছাড়া কোনো উড়োজাহাজ টেক-অফ করতে পারে না। “এর মধ্যে অন্য ঘটনাও থাকতে পারে। ঘটনা যাই হোক তা সামনে আসা প্রয়োজন।” হজ ফ্লাইটের ওপর এর কী প্রভাব পড়তে পারে- জানতে চাইলে বিমানে কাজ করার অভিজ্ঞতা থেকে কাজী ওয়াহেদ বলেন, “হজ ফ্লাইটে এর প্রভাব না পড়লেও নিয়মিত যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হবে।” বিমানের উচ্চ পদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনার পর নিয়মিত ফ্লাইট চালাতে হিমসিম খেতে হচ্ছে বিমানকে।” চুক্তির মেয়াদ বাড়াতে এয়ার আটলান্টাকে অনুরোধ করেছিল বিমান। তবে তাতে তারা সাড়া দেয়নি বলে ওই কর্মকর্তা জানান। এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হল- জানতে চাইলে তিনি বলেন, “চুক্তি অনুসারে উড়োজাহাজটির বছরে মোট ৩ হাজার ঘণ্টা ফ্লাই করার কথা ছিল। সে হিসেবে মাসে গড়ে ২৫০ ঘণ্টা করার কথা। এর অতিরিক্ত ফ্লাই করলে এর জন্য অতিরিক্ত টাকা পাওয়ার কথা। কোনো মাসে উড়োজাহাজটি ২৬০ থেকে ২৭০ ঘণ্টা ফ্লাই করে, আবার কখনো ২০০ ঘণ্টার মতো ফ্লাই করে।” এয়ার আটলান্টা দাবি করছিল, কম ফ্লাই করলেও তাদের ২৫০ ঘণ্টা ফ্লাই করার টাকা দিতে হবে। কিন্তু বিমান বলছিল, বছরে ৩ হাজার ঘণ্টা হিসেবে টাকা দেয়া হবে। “এর আগের মাসে গ্যাপ প্রায় ৫০ ঘণ্টায় দাঁড়ায়। বিমান তাদের ২০০ ঘণ্টার টাকা পরিশোধ করে। শেষ মাসে কথা ছিলো অগ্রিম (ডিপোজিট) ১ দশমিক ৪ মিলিয়ন ডলার অ্যাডজাস্ট করে নেয়া হবে। কিন্তু এর মধ্যেই কোনো নোটিস ছাড়াই তারা চলে গেল,” বলেন ওই কর্মকর্তা। এয়ার আটলান্টার কিছু সরঞ্জাম শাহজালাল বিমানবন্দরে রয়েছে, যা তারা ফেরত চাইলেও বিমান দেয়নি বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, “সে হিসেবে এক থেকে দেড় লাখ ডলার রিকভারি হতে পারে।” আটলান্টার উড়োজাহাজ চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বলেন, “বিষয়টি অনাকাক্স্ক্ষিত।” তবে এখনই এ বিষয়ে কিছু বলতে অনীহা প্রকাশ করেন তিনি। এদিকে সার্বিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় বিমান পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে বিমান কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮৪৫ ঘ.