২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মামলা: যুব ও ছাত্রদলের ৬শ’ আসামি

ময়মনসিংহে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জেলা যুব ও ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ছয়শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জেলা যুব ও ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ছয়শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। মামলায় জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, সহ-সভাপতি মোজ্জামেল হক টুটু, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, সাবেক সভাপতি শাহ শিব্বির আহমেদ ভুলু, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন, জেলা ছাত্রদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সহ-সভাপতি তানভিরুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, আমিনুল ইসলাম ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৫/৬শ’ যুব ও ছাত্রদল নেতাকর্মীকে আসামি করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রোববার বিকালে জেলা বিএনপি দলের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করে। মিছিলটি শহরের নতুন বাজার পৌঁছলে যুব ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা তাতে বাধা দেয় এবং পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। যুব ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় কাতোয়ালি মডেল থানার এসআই আমিনুল ইসলাম, উপ-পরিদর্শক মো. সফিকুল ইসলাম, মো. রাশেদুজ্জামান, মোরশেদুল হাবিব ও সুলতান আলী আহত হন বলে পুলিশ কর্মকর্তা জানান। এছাড়া তারা পুলিশের পিকআপ, প্রাইভেটকার, দুইটি মোটরসাইকেল ও বিএনপি কার্যালয়ের আসবাপত্র ভাংচুর ও অগ্নিসংযোগও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫০ ঘ.