চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের ৬৫ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিক সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।
চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলাসহ কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা পর্যন্ত ১১ জেলা এবং চট্টগ্রাম ও কুমিল্লা সিটি করপোরেশনের তিন জন করে সর্বোচ্চ এবং দুই জন করে দীর্ঘমেয়াদী করদাতাদের এই সম্মাননা দেয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এ কে খান পরিবারের তিন সদস্য সালাউদ্দিন কাশেম খান, এম জিয়া উদ্দিন খান, সদর উদ্দিন খান ২০১১-২০১২ কর বছরে সর্বোচ্চ করদাতার সম্মাননা পান।
এছাড়া নজরুল ইসলাম সিদ্দিকী ও ইদ্রিছ সওদাগর পান দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা।
চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ করাদাতার সম্মানা পেয়েছেন তুষিত কান্তি বড়–য়া, রফিকুল ইসলাম ও প্রাণেশ কান্তি বড়–য়া। ইফাত আখতার ও নাহিদ বানু চট্টগ্রাম জেলায় দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা পেয়েছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আফসারুল আমিন বলেন, পাঁচ বছর আগে সম্মাননা দেয়ার রেওয়াজ সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে কর দেয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।
“গামী ১০ বছর পর দেখা যাবে কর থেকে অর্জিত টাকা অনুন্নয়ন বাজেটের পরিবর্তে উন্নয়ন বাজেটে ব্যবহার করা হবে। এতে করে দেশ আরও এগিয়ে যাবে।”
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. শাহজাহান।
এছাড়া সম্মাননা প্রাপ্তদের মধ্যে সালাউদ্দিন কাশেম খান ও নাহিদ বানু বক্তব্য রাখেন।
এর আগে সকালে আয়কর দিবস উপলক্ষে নগরীর আগ্রাবাদে অবস্থিত সরকারি কার্যভবন-১ থেকে আয়কর দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/আরএ/১৬২১ ঘ.
bdnews24