চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেদ্দার নির্ধারিত ফ্লাইটে যেতে না পারায় বিক্ষুব্ধ যাত্রীরা বিমানের চট্টগ্রাম কার্যালয়ে ভাংচুর চালিয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর ষোলশহর এলাকায় বিমান বাংলাদেশ কার্যালয়ের প্রবেশ দরজার কাঁচ ও কয়েকটি আসবাবপত্র ভাংচুর করে যাত্রীরা।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্ধারিত সময়ের বিমানে জেদ্দায় যেতে না পেরে বিক্ষুব্ধ যাত্রীরা ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা জানায়, শুক্রবার রাত দেড়টায় বাংলাদেশ বিমানের বোয়িং-৭৪৭ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু শিডিউল পরিবর্তন হওয়ায় যাত্রীরা যেতে পারেনি।
ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনার অধিবাসী আহমদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে শিডিউল পরিবর্তন করে বিমান কর্তৃপক্ষ ঢাকা হয়ে যাওয়ার জন্য বললে যাত্রীরা বিক্ষুব্ধ হয়। এসময় যাত্রীদের রাখার জন্য হোটেলেরও ব্যবস্থা করেনি তারা।”
তবে বিমান কর্তৃপক্ষ দাবি করেছে, শিডিউল পরিবর্তনের কারণে চট্টগ্রাম থেকে যেতে না পারা ৮৪ জন যাত্রীর মধ্যে ৫৭ জনের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে।
বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেতে না পারা যাত্রীদের জন্য পুনরায় ১৮ সেপ্টেম্বরের টিকিট দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/আরএ/১৫২২ ঘ.
bdnews24