বরিশাল, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে বরিশাল বিভাগীয় ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এর ফলে শনিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের তিন জেলায় পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বরিশাল ট্রা- শ্রমিক ইউনিয়নের গড়িয়ারপাড় ইউনিটের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নাসির উদ্দিন খান।
ধর্মঘটী মালিক-শ্রমিকরা বরিশাল-ঢাকা মহাসড়কে বিমানবন্দরের সামনে অবস্থান নিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে দক্ষিণাঞ্চলে আসা পণ্যবাহী ট্রাকগুলো আটকে দিচ্ছেন তারা।
ট্রাক মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- ট্রাক টার্মিনাল নির্মাণ, টার্মিনাল নির্মাণ করা পর্যন্ত কর আদায় না করা, সহজ শর্তে লাইসেন্স ও ভারী লাইসেন্স নবায়ন, ইলিশা, ভেদুরিয়া ও লাহারহাট ফেরি ঘাটে চাঁদাবাজি বন্ধ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৩ ঘ.
bdnews24