হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে এ দুর্ঘটানায় মৃত মারজানা আক্তার (১৬) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুল মন্নানের মেয়ে। হবিগঞ্জে চাচার কাছে থাকত।
মৃত্যুর আগে মেয়েটির বক্তব্যের বরাত দিয়ে বাহুবল মডেল থানার ওসি আজিজুর রহমান সরকার বলেন, মারজানা বাহুবল থানা কোয়ার্টারে তার চাচার (পুলিশের এসআই) বাসায় থেকে স্থানীয় দীননাথ ইন্সটিটিউশনে লেখাপড়া করত।
শুক্রবার রাত ১০টার দিকে কনস্টেবল রুহুল আমিনের ছেলে ফারহাদ মিয়া (২৫) মারজানাকে ধর্ষণ করে।
এ লজ্জায় রাত ১২টার দিকে সে বাসার ছাদ থেকে লাফ দেয়। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাত ১টায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, রাতেই ফারহাদ মিয়াকে আটক করেছে পুলিশ। ফারহাদ শনিবার দুপুরে বাহুবল থানা সাংবাদিকদের উপস্থিতে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫০ ঘ.
bdnews24