ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই মাসেরও বেশি সময় ধরে অচলাবস্থার পর শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবার ক্লাস শুরু হচ্ছে।
অচলাবস্থার মধ্যে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে আসেননি তারাও ইতোমধ্যে হলগুলোতে ফিরে এসেছেন।
বুয়েটের পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচ সপ্তাহ ক্লাস হবে।
২০ অক্টোবর থেকে ২ নভেম্বর দুর্গাপূজা ও ঈদ-উল-আযহা এবং ৩ থেকে ১৬ নভেম্বর দুই সপ্তাহের পরীক্ষা প্রস্তুতিকালীন ছুটি থাকবে। ১৭ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনিয়মের অভিযোগে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির অবিরাম কর্মবিরতির হুমকিতে ১১ জুলাই থেকে টানা ৪৪দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করা হয়।
তখন শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে ৩১ জুলাই ভর্তি পরীক্ষার অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির কর্মসূচিতে অন্তবর্তী নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।
ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। শিক্ষক সমিতির দাবিগুলো নিয়ে মাঠে নামে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষকরাও ‘ব্যক্তিগতভাবে’ যোগ দেন।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকে উপ-উপাচার্যকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্তে সম্মত হয় উভয়পক্ষ। শিক্ষার্থীরা প্রথমে উপ-উপাচার্যের সঙ্গে উপাচার্যেরও পদত্যাগ/অপসারণ দাবি করেন।
উপাচার্য থাকা অবস্থায় ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নেন তারা। অবশ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
গত ৯ সেপ্টেম্বর উপ-উপাচার্য পদ থেকে অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করার দুইদিন পর পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৩ ঘ.
bdnews24