২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় আ. লীগ নেতাসহ নিহত ৩

কুমিল্লার চান্দিনায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতাসহ তিন জন নিহত ও চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতাসহ তিন জন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ রিয়াছত উল্লাহ (৫৫), তার ভাতিজা শিপন (৩০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মাহফুজা বেগম (৩০)। আহতরা হলেন কুমিল্লার আবু তাহেরের ছেলে পিয়াস (৭), চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের মোস্তফা (২৫), নিহত মাহফুজার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২) এবং অজ্ঞাত এক পুরুষ যাত্রী। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার বাগুর বাসস্ট্যান্ডে একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশার যাত্রী মাহফুজা আক্তার মারা যান। পরে বাসটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। আওয়ামী লীগ নেতা মোল্লা মোহাম্মদ রিয়াছত উল্লাহ চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৫ ঘ.