বেনাপোল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে চতুর্থবারের মতো লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা।
শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের লোড-আনলোড কাজে তারা যোগ দেবেনা বলে জানিয়েছেন সরকার সমর্থক বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠনের নেতারা।
বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ এর আওতাভুক্ত বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) সভাপতি গোলাম মোস্তফা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালামাল লোড-আনলোড করার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান টনপ্রতি ১৭ টাকা করে দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা মজুরি পাচ্ছেন মাত্র ১৩ টাকা করে।
তিনি বলেন, “এ কারণে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি টনপ্রতি ১৮ টাকা ৩০ পয়সা মজুরির দাবিতে শ্রমিকরা আবারো ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে।”
বেনাপোল কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ঝিকরগাছা-বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি ও বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন- এ চারটি সংগঠন হ্যান্ডলিং শ্রমিকদের এ দাবির প্রতি সমর্থন দিয়েছে বলেও জানান গোলাম মোস্তফা।
এর আগে একই দাবিতে হ্যান্ডলিং শ্রমিকরা ১৭ এপ্রিল একদিন, ২ জুন থেকে টানা ৫ দিন এবং ৮ জুলাই থেকে টানা ৪ দিন ধর্মঘটের পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের আশ্বাসে ধর্মঘট প্রতাহার করে নেয়।
বন্দরের অপর হ্যান্ডেলিং শ্রমিক সংগঠন (৯২৫) এর সভাপতি জাহাঙ্গীর আলম লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনার মাধ্যমে দাবি মেনে নিলেই ধর্মঘট প্রত্যাহার করবে শ্রমিকরা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আউয়াল হাওলাদার বলেন, শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
তিনি বলেন, “শ্রমিকদের দাবি অযৌক্তিক। যে মজুরির কথা বলা হয়েছে তা কলকারখানার শ্রমিকদের জন্য, বন্দরের জন্য নয়।”
বেনাপোল ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়াডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরকে অচল করার জন্য একটি মহল বার বার শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৬৩৭ ঘ.
bdnews24