মাগুরা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে নারী নির্যাতনের মামলা থেকে জামিনে ছাড়া পেয়েই এক স্বামী তার স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে সদর উপজেলার জগদল গ্রামে স্ত্রী ফিরোজা বেগমের বাবার বাড়িতে এসে স্বামী রতন মোল্যা এসিড ছুঁড়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
রতন মোল্যা পাশের বড়খড়ি গ্রামের মকছেদ মোল্যার ছেলে। প্রায় ৬ বছর আগে রতনের সঙ্গে ফিরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী তাকে নির্যাতন করছেন বলে অভিযোগ ফিরোজার।
সদর হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রমজানে রতন তাকে পিটিয়ে আহত করলে এলাকাবাসী উদ্ধার করে বাপের বাড়ি নিয়ে যায়। পরে তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন।
ফিরোজা বলেন, “ওই মামলায় বুধবার রতন জামিন পায়। রাত ২টার দিকে সে আমার বাবার বাড়িতে এসে কৌশলে ঘরের দরজা খুলে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।”
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফিরোজার ঘাড়, হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। কিন্তু তা এসিডে দগ্ধ কিনা পরীক্ষার পরই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মুনসি জানান, তিনি ঘটনা জেনে সকালে হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৯ ঘ.
bdnews24