ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারের ইতিবাচক পদক্ষেপে দেশে নৌদুর্ঘটনা কমে এসেছে। গত পাঁচ ঈদে কোনো নৌদুর্ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মোস্তফা জালাল মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
শাজাহান খান জানান, দুর্ঘটনা রোধে ভবিষ্যতে সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
যাত্রীদের জন্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে সরকার সারা বছরই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন নৌমন্ত্রী।
এ প্রসঙ্গে শাজাহান খান জানান, নৌদুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নেওয়ায় ত্রুটিপূর্ণ ও অবৈধ নৌ-যান চলাচল কমে এসেছে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন কমে এসেছে। ২০১০ সাল থেকে গত পাঁচ ঈদে কোনো নৌদুর্ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, নৌদুর্ঘটনা রোধে নৌযান ডিজাইন আধুনিকায়ন ও নিরাপদ করার লক্ষ্যে নৌযানের ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে যথাযথভাবে কারিগরি দিক বিবেচনা করা হচ্ছে।
“অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণে নদীকেন্দ্রিক জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ত্রুটিপূর্ণ লঞ্চ-স্টিমার সনাক্তকরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাত্রীবাহী নৌযানের যাত্রী সংখ্যা বিধি অনুযায়ী পুর্ননির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে নৌদুর্ঘটনা রোধে সরকার সাফল্য অর্জন করছে দাবি করে শাজাহান খান জানান, নৌযান মালিক, চালক ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। নিরাপদ ও সঠিক মাপের নৌযান নির্মাণ হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় নৌ-ডাকাতি বন্ধ হয়েছে।
তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কক্সবাজার জেলার সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর এবং পটুয়াখালী জেলার রাবনাবাদে তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনের প্রাথমিক কার্যক্রম চলছে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, অভ্যন্তরীণ নৌপথে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে কন্টেইনার আসা-যাওয়ার সুবিধা সৃষ্টি, অন্যান্য কার্গো পরিবহনের জন্য মাল্টি-পারপাস জেটিসহ ট্রানজিট সেড নির্মাণ ও নদীপথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে বিআইডব্লিউটিএ ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌবন্দর স্থাপন’ প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার প্রকল্পটি অনুমোদন করেছে।
এাড়া ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সহজ ও দ্রুততর করার লক্ষ্যে আশুগঞ্জকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/২১২৪ ঘ.
bdnews24