২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সাভারের আশুলিয়া থেকে হত্যা মামলার এক আসামি ‘পালিয়ে গেছে’ বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে হত্যা মামলার এক আসামি ‘পালিয়ে গেছে’ বলে দাবি করেছে পুলিশ। বুধবার রাতে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ‘পালিয়ে যাওয়া’ ওই আসামিকে পুলিশ ‘উপঢৌকনের’ বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে মামলার বাদিপক্ষ। গত সোমবার সকালে পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের পাশের ঝোপ থেকে প্রাইভেটকার চালক আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে। আলমগীর টাঙ্গাইলের মীর্জাপুরের পাইকারপাওড়া এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। এ ঘটনায় প্রাইভেটকার মালিক চাঁন মিয়া বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে এই মামলার চার আসামি রাজিব শাহা, সুজন, মামুন ও হাফিজকে যশোরের ঝিকরগাছার একটি আবাসিক হোটেল থেকে বুধবার আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। “থানায় আনার পথে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় গাড়ি যানজটে পড়লে প্রধান আসামি রাজিব সাহা লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।” বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এসআই রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্লীবিদ্যুৎ এলাকায় প্রধান আসামি রাজীব সাহার বমি হওয়ার উপক্রম হলে তাকে মাইক্রোবাস থেকে নামানো হয়। এ সময় সে দৌড়ে পালিয়ে যায়। তবে টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পালিয়ে যাওয়া ওই আসামির বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে বলে জানান এসআই। নিহত আলমগীরের চাচা রফিকুল ইসলাম বলেন, ঝিকরগাছা থেকে পুলিশ মাইক্রেবাসে করে আসামিদের নিয়ে সাভারের উদ্দেশে রওয়ানা দেয়। পিছনের প্রাইভেটকারে ছিল আলমগীরের পরিবারের লোকজন। রাত নয়টার দিকে তারা থানায় এসে শুনেন রাজীব পালিয়ে গেছেন। তিনি দাবি করেন, এসআই রবিউল এক লাখ টাকার বিনিময়ে আসামি রাজিব সাহাকে ছেড়ে দিয়েছেন। থানায় এটা নিয়ে পুলিশ আলাপও করছিল। নিহতের আরেক স্বজন আরিফ হোসেন বলেন, টাকা ‘খেয়ে’ পুলিশ আসামির পালিয়ে যাওয়ার নাটক সাজাচ্ছে। মাঝরাতে এ নিয়ে কথা বলতে গেলে পুলিশ তাদের সঙ্গে খারাপ আচরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩০ ঘ.