ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পদে সুপারিশ অনুযায়ী নিয়োগ না দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও টিএসসিসিতে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির সামনে রাখা শিক্ষকদের বহনকারী বাস ও অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেয়া হয়।
স¤প্রতি বিশ্ববিদ্যালয়ে ৯২ কর্মকর্তা ও কমচারী পদে নিয়োগ শুরু হয়। এসব পদে নিজেদের লোক নিয়োগের জন্য ছাত্রলীগ সুপারিশ করলেও তা রক্ষা না করায় এ ঘটনা ঘটেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা ও শিক্ষক জানিয়েছেন। তবে ছাত্রলীগ বলছে, ভাঙচুরের ঘটনায় সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী কিছু নেতাকর্মী এবং বহিরাগতদের প্রত্যাশা অনুযায়ী চাকরি না হওয়ায় তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। ভাঙচুর করছে।”
এ ছাড়া একই ঘটনার জের ধরে কোষাধ্যক্ষকে সকালে তার কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “সকাল ৯টায় আমি অফিস কক্ষে প্রবেশ করার সময় কয়েকজন ছেলে এসে আমাকে বাধা দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
নিয়োগকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে- এমন কথা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনির উদ্দিনও। তবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।
আর ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুজ্জামান তুহিন বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ বঞ্চিত হওয়ায় এলাকার কিছু লোক প্রশাসন ভবন ও টিএসসিসিতে ভাঙচুর চালিয়েছে। এ ঘটনার সঙ্গে ইবি শাখা ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৫৮ ঘ.
bdnews24