২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের সঙ্গে বসতে ইসিকে তাগিদ

আলোচকদের অনেক প্রশ্নের উত্তর না দিয়েই সংলাপের ইতি টানেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনকে সাংবিধানিক ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে সংলাপে সুনির্দিষ্ট প্রস্তাব না থাকায় কমিশনের সমালোচনা করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত বসারও পরামর্শ দিয়েছেন তারা। সংলাপে অধিকাংশ আলোচক প্রশ্ন রাখেন- কী পদ্ধতিতে ইসি সীমানা পুননির্ধারণ করবে, কবে রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইসি। স্বাধীন ইসির এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ কোনো প্রশ্নে উত্তর না দিয়েই সংলাপের ইতি টানেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেরে বাংলানগরে ‘সুশীল সমাজের’ অর্ধশতাধিক প্রতিনিধির সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুননির্ধারণ নিয়ে এই সংলাপ শুরু হয়। গত ফেব্রুয়ারিতে ৫ সদস্যের নতুন ইসি গঠনের পর এটাই প্রথম সংলাপ। এরপর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে নাগাদ সংলাপ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সর্বশেষ আদম শুমারি প্রতিবেদন অনুযায়ী সাংবিধানিকভাবে জনসংখ্যা অনুপাতে সীমানা নির্ধারণের বিধান উল্লেখ করে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সংলাপে কমিশনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বর্তমান ইসি যেভাবে কাজ করছে তাতে দর্শনীয়ভাবে ইসির স্বাধীনতা ও দৃঢ়তা অনুপস্থিত।” জনমত ও রাজনৈতিক দলের মতামতই সীমানা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তিনি। যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান অধ্যাপক এম এম আকাশ। ইসির সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সুশীল সমাজের প্রতিনিধিরাও এ বিষয়ে নতুন করে পরামর্শ দিতে পারতো বলে তিনি উল্লেখ করেন। একই ধরনের মত দেন অধ্যাপক তারেক শামসুর রহমান, মুহাম্মদ জাহাঙ্গীর ও তরিকুল গণি। ব্যারিস্টার এম আমীর উল ইসরাম, ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুব হোসেন সীমানা নির্ধারণে জনসংখ্যার আনুপাতির বিভাজনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা হতাশা প্রকাশ করে বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কী করছে- তার কিচ্ছুই জানি না।” সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী আইন প্রয়োগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বর্তমান ইসির তৎপরতা হতাশাজনক। “সীমানা নিয়ে আমরা কী বলব? এটা একটা জটিল বিষয়। আপনাদের কাছ থেকে যদি একটি রূপরেখা পেতাম তাহলে কিছু বলা যেত”, কমিশনারদের বলেন তিনি। সাম্প্রতিক কিছু কাজে বর্তমান ইসির অবস্থান অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপিকা দিলারা চৌধুরী। “রাজনৈতিক দলই নীতি নির্ধারণী ভূমিকা রাখে। সেক্ষেত্রে দলগুলোকেও আইন অনুসরণ করতে হবে। জনগণের কাছে আস্থাশীল হতে ইসিকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে”, বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। যথাসময়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া, ভোটার তালিকায় ত্রুটি, ইসির নাম পরিবর্তনের চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে ইসির ‘নিশ্চুপ’ অবস্থানের সমালোচনা করেন অ্যাডভোকেট সালমা আলী, খুশী কবির ও সৈয়দ আবুল মকসুদ। সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল জটিলতা এড়াতে আগের সীমানায় নির্বাচন করার পরামর্শ দেন। আলোচকদের অনেকেই ঢাকা মহানগরীর সংসদীয় আসন সংখ্যা সীমিত রাখার সুপারিশ করেন। তবে সংসদীয় আসন সংখ্যা বাড়ানোরও প্রস্তাব আসে। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর প্রস্তাব রেখে ইফখতেখারুজ্জান আবারো ‘না’ ভোটের বিধান প্রবর্তনের সুপারিশ করেন। ফরহাদ মজহার, মুনিরা খান, শারমিন মুর্শিদ, আরমা দত্ত, রেখা চৌধুরী, অ্যাডভোকেট শাহজাহান খান, ব্যারিস্টার সরওয়ার, ব্যারিস্টার দিলারা খন্দকার, মো. আলী, হাফিজউদ্দিন খান, রেজাউল করিম চৌধুরীসহ সুশীল সমাজের অর্ধ শতাধিক প্রতিনিধি অংশ নেন এ সংলাপে। স্বাগত বক্তব্যে ভোটার তালিকার অগ্রগতি ও সীমানা নির্ধারণের বিষয়ে সুশীল সমাজের মতামত আহ্বান করেন প্রধান নির্বাচন কমিশনার। সমাপনী ভাষণে এ ধরনের সংলাপ অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো, শাহনেওয়াজ, জাবেদ আলী ও ইসি সচিব মোহাম্মদ সাদিক সংলাপে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮১৭ ঘ.