২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় আসছে

এই রায়ের পরই সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় মহাজোট সরকার, যাতে বাদ পড়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ৩৪২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন খায়রুল হক। গত বছর এই রায়ের সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন অন্য ছয় বিচারপতির স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে।” আপিল বিভাগের সাত বিচারপতির ওই রায়কে ভিত্তি ধরেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় মহাজোট সরকার, যাতে বিলুপ্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ। তবে সংক্ষিপ্ত রায়ে বলা হয়, আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে এই সরকার গঠনের পরামর্শ দেওয়া হয়। আপিল বিভাগের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়, যা গত বছর পাস হয়। সংবিধানের এই সংশোধনের বিরোধিতা করে আসছে বিএনপি। তারা বলছে, সরকার রায়ের একটি অংশ ধরে সংবিধান সংশোধন করলেও অন্য অংশটি উপেক্ষা করেছে। এই বিতর্কের মধ্যে আইন বিশ্লেষকরা বলে আসছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও সব স্পষ্ট হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের ফলে আগামী নির্বাচন নির্বাচিত অর্থাৎ বর্তমান সরকারের অধীনে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে বিএনপিসহ বিরোধী দল তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬২৬ ঘ.