ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে মন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দিচ্ছেন না ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদও।
তবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, তিনি বিকালে শপথ নিতে যাবেন।
বুধবার রাতে সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগ দেয়ার জন্য তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মুজিবুল হককে আমন্ত্রণ জানানো হয়। প্রতিমন্ত্রী হওয়ার আমন্ত্রণ পান ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নামগুলো ঠিক আছে।”
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রীরা বিকালে বঙ্গভবনে শপথ নেবেন। তবে দপ্তর বণ্টন পরে হতে পারে বলে জানান তিনি।
কতজন মন্ত্রী শপথ নেবেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাই নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এ সংখ্যা বলতে পারব না।”
এদিকে আমন্ত্রণ পাওয়ার পর মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে পলিট ব্যুারোর সদস্যদের নিয়ে বৈঠক করেন রাশেদ খান মেনন।
বৈঠক শেষে দলের সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুারোর সদস্য বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দলীয়ভাবে এ আমন্ত্রণ প্রত্যাখান করছি।”
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তোপখানা রোডে দলীয় কার্যালয়ে পলিট ব্যুারোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের সভাপতি রাশেদ খান মেনন এতে সভাপতিত্ব করেন।
সভার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিমল বিশ্বাস বলেন, “১৪ দলের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব এবং সরকারের ভাল কাজকে সংসদে ও সংসদের বাইরে সমর্থন দিয়ে যাব।”
দলের এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না বলেন, “আগেই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ১৪ দলে থাকব, তবে মন্ত্রিসভায় যোগ দেব না।”
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, তোফায়েল আহমেদও মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অবশ্য জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লা হিল কাইয়ুম জানিয়েছেন তার দলের সভাপতি ইনু বিকালে শপথ নিতে যাবেন বলে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমএইচপি/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24