চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তরা ক্ষমা চাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কাজে যোগ দিয়েছেন।
বুধবার রাতে হাসপাতালের পরিচালকের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে সমঝোতায় এসে ধর্মঘট প্রত্যাহার করার সিন্ধান্ত নেয় চমেক হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (আইডিএ)।
আইডিএ’র আহ্বায়ক গোলাম কিবরিয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“দ্বিতীয় দফা বৈঠকে দোষীরা এসে তাদের কৃতকর্মের জন্য আমাদের কাছে ক্ষমা চেয়েছে।”
“এছাড়া হাসপাতালের পরিচালক ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে প্রতি ইউনিটে পাঁচজন করে নিরাপত্তা প্রহরী রাখা, প্রতি রোগীর সঙ্গে এক থেকে দুই জন অভিভাবকের জন্য টোকেন পদ্ধতিসহ অন্যান্য দাবি পূরণ করবে বলে আশ্বাস দিয়েছেন।”
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাসে তারা কাজে যোগ দিয়েছে। দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজ করছেন।”
মঙ্গলবার বিকালে ইসলামিয়া কলেজের একদল ছাত্রলীগকর্মী হাসপাতালে মিজানুর রহমান নামে শিক্ষানবিশ এক চিকিৎসককে মারধর করে, লাঞ্ছিত করে চমেক ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমনকে।
এরপর রাত থেকে ধর্মঘট শুরু করে শিক্ষানবিশ চিকিৎসকরা। বুধবার সকালে তারা হাসপাতালের বিভিন্ন ফটকে তালাও ঝুলিয়ে দেয়।
পরে হাসপাতালের পরিচালকের সঙ্গে বুধবার দুপুরে বৈঠকের পরও জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১২৪৪ ঘ.
bdnews24