২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় শ্রমিক নিহত, ৩ বাসে আগুন

সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 04:05 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার ছয়দানা হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যান চলাচলে বিঘ্নিত হয়। নাওজোড় হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকায় বাসের ধাক্কায় হযরত আলী (২০) নামের এক পোশাক শ্রমিক আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোয়া ৮টার দিকে মহাসড়কে তিনটি বাসে আগুন দেয়। পরে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ। উপ পরিদর্শক ইকবাল জানান, হযরত আলী (২০) স্থানীয় ইভা স্যুয়েটারের কর্মী। তার বাড়ি কিশোরগঞ্জে। সকালে কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ইকবাল বলেন, পুড়িয়ে দেয়া গাড়ি সরিয়ে নেয়ার পর বেলা পৌনে ৯টার দিকে মহাসড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫০ ঘ.