ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসবাবপত্র আমদানি না করে আধুনিক আসবাবপত্র তৈরির উপকরণ আমদানির তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় আন্তর্জাতিক ফার্নিচার ও ডেকো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বৈদেশিক মুদ্রা ব্যয় করে যেসব ফার্নিচার আমদানি করা হচ্ছে, তা দেশেই তৈরি করা সম্ভব।
তবে আসবাবপত্র তৈরিতে বাংলাদেশ প্রযুক্তিগত দিকে থেকে পিছিয়ে রয়েছে বলে মনে করেন আব্দুর রাজ্জাক। দেশে আরো বেশি আসবাবপত্র তৈরি করা হলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তিনি আরো জানান, সরকার বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেশীয় শিল্প বিকাশে সর্বাত্মক সহায়তা করছে।
বাংলাদেশ ফার্নিচার ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলায় বিদেশি ১৪টি প্রতিষ্ঠানসহ ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় বাড়িঘর, অফিস-আদালতে ব্যবহার উপযোগী আসবাবপত্র এবং আসবাবপত্র তৈরির বিভিন্ন উপকরণ প্রদর্শিত হচ্ছে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও কমিউনিকেয়ার ডট ইভেন্টের এম আব্দুস সামাদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24