নোয়াখালী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে জলদস্যুদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন।
পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে দুবাই খালে এ ঘটনা ঘটে।
নিঝুম দ্বীপ নামার বাজার পুলিশ ফাঁড়ির ওসি মো. রহমত উল্যাহ বলেন, মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে জলদস্যু মহিউদ্দিন ওরফে মাধু ও মিরাজ পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে দুবাই খালে অবস্থান নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলদস্যুদের ধাওয়া করে। এসময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা ১৭ রাউন্ড গুলি ছুঁড়ে।
এ সময় ছররা গুলির আঘাতে এএসআই মো. জাহেদুল করিম আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24