সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীরবেই পালিত হল বাউল গানের লেখক ও শিল্পী শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী।
বুধবার নিজ গ্রামের বাড়িতে আলোচনা ও দোয়া-মাহফিলের মধ্যদিয়েই পালিত হয় সিলেট অঞ্চলে বাউল সম্রাট হিসেবে পরিচিত এই শিল্পীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
এছাড়া বিকালে সিলেটে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করেছে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ।
তার মৃত্যুবার্ষিকীতে সরকারিভাবে কোনো আয়োজন না থাকার কথা জানিয়ে সংশ্লিষ্টরা এর সমালোচনা করেছেন।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৪ বছর বয়সে সিলেটের একটি ক্লিনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী এই বাউল শিল্পী।
শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, অনেকটা পারিবারিকভাবেই তার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সরকারিভাবে কোনো উদ্যোগ নেই তার মৃত্যুবাষির্কী পালনের, কেউ কোনো খবরও নেয়নি।
তিনি জানান, নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বাউল শিল্পী মোছাহেল আহমদ, মিজানুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। সভা শেষে আব্দুল করিমের রচিত গান পরিবেশন করেন তার ভক্ত-শিষ্যরা।
এছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকালে শিল্পীর জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ।
এতে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল আজিজ, গবেষক সাংবাদিক সুমন কুমার দাশ প্রমুখ অংশ নেন। পরে শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।
গবেষক সুমন কুমার দাশ বলেন, মাত্র তিন বছর হয়েছে বাউল করিম মারা গেছেন; অথচ এরমধ্যেই আমরা তাকে ভুলে যেতে বসেছি। সরকারি কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এ শিল্পী।
শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালের ১৬ ফেব্র“য়ারি দিরাই উপজেলার আশ্রম গ্রামে। তিনি প্রায় আড়াই হাজার গান লিখেছেন। মাঠে মাঠে গরু চড়িয়ে কেটেছে মহান এই বাউল শিল্পীর ছেলেবেলা।
‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে’, ‘গাাড়ি চলে না- চলে না রে’, ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়’সহ শিল্পীর অংসখ্য গান জনপ্রিয়তা পেয়েছে দেশ-বিদেশে।
মুক্তিযুদ্ধের সংগঠক শাহ্ আব্দুল করিম একুশে পদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন। কালনীর ঢেউ, গণসংগীত, আপ্তাব সংগীত, ধলের মেলা, ভাটির চিঠিসহ শিল্পীর মোট ৬টি গানের বই রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24