২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘমেয়াদি সমাধান বের করতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিসা আইরেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘমেয়াদি সমাধান বের করতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিসা আইরেস। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশের পরিস্থিতি ও বাংলাদেশে এর প্রভাব সম্পর্কে সরাসরি জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চার ডেপুটি সেক্রেটারির একটি প্রতিনিধি দলকে মিয়ানমার ও ভারত সফরে পাঠিয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমরা চারজন সপ্তাহ জুড়ে মিয়ানমার সফর করেছি এবং সরাসরি পরিস্থিতি জানতে রাখাইন প্রদেশে দগিয়েছি।” প্রতিনিধি দলটি ৭ থেকে ১০ সেপ্টেম্বর রাখাইন এবং সেখানকার বৌদ্ধ শিবিরগুলো পরিদর্শন করেন। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তারা। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল বর্তমান অবস্থা পর্যালোচনা করবেন। পাশাপাশি দীর্ঘমেয়াদে মানবিক পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায় কী সহায়তা দিতে পারে তা ঠিক করবেন। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর মুখ্য উপ-সহকারী সেক্রেটারি জোসেফ ইউন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর উপসহকারী সেক্রেটারি ড্যান বেয়ার এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর উপসহকারী সেক্রেটারি কেলি ক্লেমেন্টস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২১৫৭ ঘ.