২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের দু’জনের পলায়ন

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে সোমবার রাতে দু’জন পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে সোমবার রাতে দু’জন পালিয়ে গেছে। এরা হল চাঁদপুরের ধনবাড়ির আলাউদ্দিনের ছেলে সোহেল রাব্বী (১৫) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাষ্টাপাড়ার তাজুল ইসলামের ছেলে লালু মিয়া (১৫)। এর আগে গত ৯ এপ্রিল ওই কেন্দ্র থেকে অপর দুই কিশোর পালিয়ে গিয়েছিল। টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে কিশোর উন্নয়ন কেন্দ্রের ভবনের ছাদে ওঠার দরজার তালা ভেঙে গার্ড ও আনসার সদস্যদের চোখ এড়িয়ে কৌশলে সোহেল রাব্বী ও লালু মিয়া পালিয়ে গেছে। রাত ৯টার দিকে খাবারের সময় কেন্দ্রের শিশু-কিশোরদের হিসাব করার সময় তাদের পালিয়ে যাওয়ার কথা ফাঁস হয়। তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘাটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ওই সময় তদন্ত করে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের আরো তৎপরতা বৃদ্ধি করতে বলা হয়েছিল। এ ব্যাপারে কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিমকে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গত ৯ এপ্রিল কেন্দ্র থেকে একই কায়দায় পালিয়ে গিয়েছিল আগুলিয়ার ডেন্ডাব উত্তরপাড়ার মতিয়ার রহমানের ছেলে রানা ও ঢাকার উত্তরখানের বড়বাগ এলাকার আসলাম মিয়ার ছেলে মহিউদ্দিন হাসান ওরফে নয়ন। ওই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে করা তদন্ত কমিটি প্রতিবেদনে বলেছিল, দায়িত্বরত আনসার সদস্য এবং স্থানীয় কর্তৃপক্ষের অসতর্কতা, অসাবধানতা ও দায়িত্বশীলতার অভাবেই ওই ঘটনা ঘটেছে। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব, নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা, খাবার সময়ে শৃঙ্খলা ও তদারকির অভাব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.