২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর দুলাল হত্যায় মামলা, ৫ আসামি রিমান্ডে

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতা দুলাল ভাণ্ডারী হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নরসিংদী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতা দুলাল ভাণ্ডারী হত্যার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর নিহতের ছোট ভাই লুৎফর রহমান শিবপুর মডেল থানায় এই মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার পাঁচ জনকে বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেকের হেফাজতে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আদেশ দেন। এরা হলেন মামলার এজাহারভুক্ত আদনান সালাউদ্দিন সাক্কিন, আবু বক্কর ছিদ্দিক, ওবায়দুর রহমান, মো. মোস্তফা এবং সন্দেহভাজন নুরু মিয়া। সোমবার এদের গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে রোববার রাতে শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া ওরফে দুলাল ভাণ্ডারিকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শিবপুর মডেল থানার ওসি ফিরোজ আল জালাল সাংবাদিকদের বলেন, মামলায় ১২ জনের মধ্যে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- গোলাম হাফিজ উদ্দিন, মাহফুজ মিয়া, আদনান সালাউদ্দিন সাক্কিন, আবু বক্কর ছিদ্দিক, ওবায়দুর রহমান ও মো. মোস্তফা। সবার বাড়ি স্থানীয় কারারচর গ্রামে। মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আসামিদের বিকালে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক লায়লাতুল ফেরদৌস প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, বলেন এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৫ ঘ.