২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানার সীমানা নির্ধারণের কাজ শুরু

অবৈধ দখলদারদের কাছ থেকে ঢাকা চিড়িয়াখানার ৩০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে জমির সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ দখলদারদের কাছ থেকে ঢাকা চিড়িয়াখানার ৩০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারে জমির সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল মঙ্গলবার সকাল থেকে এ সীমানা নির্ধারণের কাজ শুরু করে। প্রথম দিনে চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজায় জমির মালিকানার দাবিদারদের কাগজপত্র পরীক্ষা করা হয়। চিড়িয়াখানার সম্পত্তি বিভাগের দায়িত্ব পাওয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের আইন কর্মকর্তা অসীম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকা ও নবাবেরবাগ এলাকায় আলাদাভাবে অবৈধ দখলদার ও স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে জমির কাগজপত্র সংগ্রহ ও পরীক্ষা করা হবে। তিনি জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সীমানা চিহ্নিত করার কাজের দায়িত্ব পাওয়া দলটি মঙ্গলবার সকাল ১০টায় কাগজপত্র পরীক্ষার কাজ শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জনের নথিপত্র ও নকশা পরীক্ষা করা হয়েছে। ঢাকা চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজার বিভিন্ন দাগে প্রায় তিন একর, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এক একর এবং নবাবেরবাগ এলাকায় এক একব জমি রয়েছে অবৈধ দখলে। এসব জমির মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮২২ ঘ.