ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদমর্যাদা উন্নয়ন ও বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দফা দাবি পূরণে সরকারকে এক মাস সময় দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কয়েকটি সংগঠন।
তারা বলছে, অন্যথায় ১০ অক্টোবরের পরে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
মঙ্গলবার সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ মহাসচিব রুহুল আমিন সাংবাদিকদের একথা জানান।
এর আগে সচিবালয়ে কর্মচারী বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে ঐক্য পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনগুলোর দাবির মধ্যে রয়েছে- পুলিশের পরিদর্শকদের মতো প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি প্রথম শ্রেণী এবং অফিস সহকারীদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা, দুইটি বিশেষ ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) এবং ১:৩০০ হারে গ্রাচুইটি নির্ধারণ।
ঐক্য পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারী সংগঠনগুলোর তদারকির দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা জানিয়েছেন।
সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা (এও) সমিতির সভাপতি হাসান ইমাম, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ খান, সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি হিরণ মিয়া ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবু হানিফ ভূইয়া, সরকারী কর্মচারী সংযুক্ত ঐক্য ফ্রন্টের মহাসচিব আবুল হাশেম ও সরকারী কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মো. রশিদ উল্লাহ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮১৯ ঘ.
bdnews24