ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের একটি মামলায় এইমওয়ে করপোরেশনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ রুবেলকে স্থায়ী জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রুবেলের জামিন মঞ্জুর করেন।
আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল সকালে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মোহাম্মদনগর গ্রামের এনামুল হক গত অগাস্টে রুবেলসহ মোট ১২ জনের বিরুদ্ধে পল্টন থানায় এই মামলা করেন।
ওই মাসেই রুবেল আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিন পান।
মামলার অপর আসামিরা হলেন- এইমওয়ে করপোরেশনের চেয়ারম্যান সৈয়দ রেদওয়ান বিন ইসহাক, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, পরিচালক মশিউর রহমান শয়ন, হাফিজুর রহমান লিমন, ইকবাল হোসেন জয়, মোস্তাফিজুর রহমান, ওয়াসিম উদ্দিন, গোলাম মো. সেলিম, মো. জাহাঙ্গীর আলম ও সোহেল রানা।
মামলায় বলা বলা হয়, ২০১১ সালের ১০ অক্টোবর থেকে চলতি বছরের ৭ এপ্রিল পর্যন্ত মামলার বাদি ঢাকার ৫০/১ পুরানা পল্টনস্থ আসামিদের এইমওয়ে করপোরেশন নামক প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন।
কিন্তু আসামিরা চুক্তি অনুযায়ী বাদির পাওনা টাকা পরিশোধ না করায় তিনি এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/আরএ/১৭৪৪ ঘ.
bdnews24