চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন পটিয়া উপজেলার ডাঙাচরের আবদুস সুবুরের ছেলে পোশাক শ্রমিক জাহাঙ্গীর আলম (৩২) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে স্কুল ছাত্রী জেসমিন (১৪)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর নেভীঘাট এলাকা থেকে জাহাঙ্গীরের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ১২ নম্বর জেটিঘাট থেকে জেসমিনের মৃতদেহ উদ্ধার করা হয়।
গত রোববার বিকালে নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকার কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে পোশাক শ্রমিক জরিনা বেগমের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়।
পটিয়ার জুলদা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কাছে নিখোঁজের তালিকার মধ্যে ওই তিন জন ছিল বলে জানান তিনি।
ধারণ ক্ষমতার বেশি যাত্রী বোঝাই করায় নৌকাটি ডাঙ্গাচরে যাচ্ছিল। পথে সল্টগোলা থেকে কর্ণফুলী নদী পার হওয়ার সময় একটি জাহাজের পাকার স্রোতে ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৩৪ ঘ.
bdnews24