সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ এর সাব-স্টেশনের দাবিতে ডাকা অর্ধ দিবস হরতাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় হরতাল শুরু হলেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন সিরাজের কাছ থেকে দ্রুত সাব স্টেশনটি চালুর আশ্বাস পেয়ে সকাল সাড়ে ১০টায় হরতাল প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বণিক সমিতির সভাতি আফসার উদ্দিন।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির এ হরতাল ডেকেছিল।
জগন্নাথপুরে ২০০৮সালে শুরু হওয়া সাব-স্টেশনের কাজ ৪ বছরেও শেষ না হওয়ায় গত এক মাস ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূুচি পালন করে আসছে বণিক সমিতি সহ বেশ কয়েটি সংগঠন।
জগন্নাথপুর থানার ওসি অহিদুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।
বাজার বণিক সমিতির নেতা মিন্টু রঞ্জন জানান, বিদ্যুৎ সাব-স্টেশনের ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইন চালু না হওয়ায় জগন্নাথপুর উপজেলায় হাজার গ্রাহক লো-ভোল্টেজ, চরম লোডশেডিংয়ের শিকার হচ্ছেন।
“ব্যবসা-বানিজ্যে ধ্বস নামায় আমরা বাধ্য হয়েই হরতালের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।”
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, “আমরা সাব-স্টেশনটি দ্রুত চালু করার চেষ্টা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৬ ঘ.
bdnews24